‘স্বপ্নের নায়ক’ খ্যাত ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর আজ শুভ জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন বাংলা সিনেমার এ ক্ষণজন্মা রাজপুত্র।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। বাবার নাম কমরউদ্দিন চৌধুরী, মায়ের নাম নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমানের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও চলচ্চিত্রে তিনি জনপ্রিয় হন সালমান শাহ নামেই।
অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর। এর আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন এ তারকা। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘ইতিকথা’, বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’।
মাত্র ৩ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৩টি সিনেমাতেই জুটি বেঁধেছিলেন শাবনূরের সঙ্গে। সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘বুকের ভেতর আগুন’ প্রভৃতি।
শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকদের হলে ফিরিয়ে আনার কৃতিত্বও সালমান শাহর। তাঁর অভিনীত প্রতিটি সিনেমাই ছিল ব্যবসা সফল। সুদর্শন চেহারা, দক্ষ অভিনয় আর নিজস্ব স্টাইলের কারণে নব্বই দশকের তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠেন এক স্টাইল আইকন।
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ মৃত্যু ঘটে তাঁর। যদিও ময়নাতদন্তে আত্মহত্যা বলা হলেও আজও রহস্য রয়ে গেছে এ মৃত্যুকে ঘিরে।
২৯ বছর পেরিয়ে গেলেও ভক্তদের হৃদয়ে আজও অমর হয়ে আছেন সালমান শাহ—বাংলা সিনেমার চিরচেনা স্বপ্নের নায়ক।
আজ বাংলা সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন। মাত্র ২৫ বছর বয়সে চলে গেলেও অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি দর্শক হৃদয়ে চিরস্থায়ী আসন গড়েছেন।